
জিরানীয়া (ত্রিপুরা), ৬ জুলাই (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে দুই ভাইপো ও তাঁদের পরিবারের সদস্যদের হামলায় গুরুতর আহত হলেন মহিলা। আহত নমিতা দেববর্মা বর্তমানে আগরতলায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মান্দাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ, বৃদ্ধা মায়ের সম্পত্তির ভাগ নিয়ে বিবাদের সূত্রপাত। বৃদ্ধা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ছেলে নয়, মেয়ে নমিতা দেববর্মার সঙ্গেই বসবাস করছেন। এরপরও তিনি নাতি বিপুল দেববর্মার নামে প্রায় পাঁচ কানি জমি লিখে দেন। কিন্তু অভিযোগ, এরপরও বিপুল দেববর্মা ও বিধু দেববর্মা আরও দেড় কানি জমির দাবি জানাতে থাকেন। সেই দাবিকে কেন্দ্র করেই পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
সোমবার সকালে নমিতা দেববর্মার ছেলে বিতর্কিত জমি দেখতে গেলে অভিযুক্ত বিপুল দেববর্মা, বিধু দেববর্মা এবং বিধুর স্ত্রী তাঁকে মারধর করেন বলে অভিযোগ। ছেলের উপর হামলার খবর পেয়ে নমিতা দেববর্মা ঘটনাস্থলে ছুটে গেলে তাঁকেও রেহাই দেওয়া হয়নি। অভিযোগ, দুই ভাইপো ও তাঁদের পরিবারের সদস্যরা মিলে তাঁর উপর চড়াও হন। হামলার একপর্যায়ে বিপুল দেববর্মা একটি লাঠি দিয়ে নমিতা দেববর্মার মাথা ও হাতে আঘাত করলে তিনি গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত নমিতা দেববর্মাকে উদ্ধার করে প্রথমে মান্দাই হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।
জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নমিতা দেববর্মা অভিযোগ করেন, জমি দখলের উদ্দেশ্যেই তার উপর এই হামলা চালানো হয়েছে। তিনি অভিযুক্ত বিপুল দেববর্মা, বিধু দেববর্মা এবং বিধুর স্ত্রীর বিরুদ্ধে মান্দাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার পর মান্দাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ