
আরামবাগ, ৬ জুলাই (হি.স.) : নদীভাঙন ও নদীতীরবর্তী এলাকার বিভিন্ন পরিকাঠামোগত সমস্যার অভিযোগ খতিয়ে দেখতে সোমবার আরামবাগের একাধিক এলাকা পরিদর্শন করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া। এদিন তিনি আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও দৌলতপুর-সহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন।
পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত বেড়া জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকাগুলি থেকে নদীভাঙন ও অন্যান্য একাধিক বিষয়ে স্থানীয় স্তরে ক্ষোভ ও অভিযোগ আসছিল। সেই কারণেই তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করতে এবং মানুষের পাশে দাঁড়াতে এসেছেন।
তিনি আরও বলেন, পরিদর্শনে উঠে আসা সমস্যা ও ক্ষয়ক্ষতির বিষয়গুলি দ্রুত সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নজরে আনা হবে এবং দ্রুত স্থায়ী সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।
এদিনের এই পরিদর্শনে জেলা সভাপতির সঙ্গে বিজেপির অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন। নদীভাঙন কবলিত এলাকায় এই পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA