
দক্ষিণ ২৪ পরগনা, ৬
জুলাই (হি. স.): বছর বারোর এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগে যখন জেলার এক প্রান্ত উত্তপ্ত, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে আরেক নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় চারজনকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অষ্টম শ্রেণীর ওই ছাত্রী রবিবার টিউশন পড়ে দিদির সঙ্গে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় একটি টোটোয় থাকা কয়েকজন যুবক তাঁদের পিছু নেয় এবং ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীর দিদি প্রতিবাদ করলে তাঁকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর দুই বোন বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর পরিবারের লোকজন অভিযুক্তদের টোটোটি তাড়া করে ধরে ফেলেন এবং তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় উত্তেজিত জনতা তাঁদের কয়েকজনকে মারধর করে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা আরও একজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ছাত্রীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ও ছাত্রীর পরিবারের সদস্যরা।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা