
হুগলি, ৬ জুলাই (হি.স): ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে পুরশুড়া থানার উদ্যোগে সোমবার পুরশুড়ার সোনার তরী লজে আয়োজিত হল রক্তদান শিবির। মানবসেবার এই মহৎ উদ্যোগে এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সন্দীপ নন্দী, পুরশুড়া থানার ওসি শুভজিত দে এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তা দেন।
বিধায়ক বিমান ঘোষ বলেন, রক্তদান একটি মহৎ সামাজিক দায়িত্ব। একজন রক্তদাতার সামান্য উদ্যোগই একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের আরও বেশি মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রক্তদাতা, আয়োজক ও সহযোগীদের এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজসেবামূলক এমন কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA