
আরামবাগ, ৬ জুলাই (হি.স.) : আরামবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। সোমবার আরামবাগের রামমোহন হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার মিনা, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ সহ মহকুমার বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে তাঁর জীবন, কর্ম, শিক্ষা, জাতীয় চিন্তাধারা এবং দেশ গঠনে তাঁর অনন্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা।
বক্তারা তাঁদের আলোচনায় উল্লেখ করেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, শিক্ষাচিন্তা এবং দেশাত্মবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ ও ত্যাগী মানসিকতা তুলে ধরার জন্য এই ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম।
আলোচনা সভার পাশাপাশি এদিনের অনুষ্ঠানে কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জন্মজয়ন্তী উদযাপন করা হয়। তথ্য ও সংস্কৃতি দফতরেরএই সময়োপযোগী উদ্যোগকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA