
আগরতলা, ৬ জুলাই (হি.স.) : স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন হতে চলেছে আগরতলা সিভিল হাসপাতাল। আগামী ১২ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর অর্থানুকূল্যে নির্মিত ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল। হাসপাতালটি চালু হলে রাজধানী আগরতলা শহর ও শহরতলির মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে এবং একই সঙ্গে জিবিপি হাসপাতাল ও আইজিএম হাসপাতালের ওপর দীর্ঘদিনের রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
মুখ্যমন্ত্রী জানান, আগরতলা সিভিল হাসপাতালকে আধুনিক চিকিৎসা পরিষেবার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত পরিষেবা দেবেন। হাসপাতালটিতে বহির্বিভাগ ও অন্তর্বিভাগের পাশাপাশি প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা-পরিকাঠামোও থাকবে, যাতে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারেন।
মুখ্যমন্ত্রী বলেন, এতদিন রাজধানী আগরতলার অধিকাংশ রোগীকেই চিকিৎসার জন্য জিবিপি হাসপাতাল অথবা আইজিএম হাসপাতালের ওপর নির্ভর করতে হতো। ফলে দুই হাসপাতালেই রোগীর অতিরিক্ত ভিড় তৈরি হতো। নতুন সিভিল হাসপাতাল চালু হলে সেই চাপ অনেকটাই কমবে। পাশাপাশি শহর ও শহরতলির বাসিন্দাদের চিকিৎসার জন্য দূরে যেতে হবে না, ফলে সময় ও অর্থ—দুইয়েরই সাশ্রয় হবে।
তিনি আরও জানান, আগরতলা সিভিল হাসপাতালের প্রশাসনিক দায়িত্ব আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইতিমধ্যেই হাসপাতালের জন্য সাতজন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে, যাতে হাসপাতাল চালুর প্রথম দিন থেকেই নিরবচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা যায়।
স্বাস্থ্য দফতরের মতে, নতুন এই হাসপাতাল চালু হওয়ার ফলে রাজধানীর সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী হবে। রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা দেওয়ার পাশাপাশি জরুরি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সব প্রস্তুতি শেষ। এখন শুধু ১২ জুলাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আগরতলা সিভিল হাসপাতাল। রাজধানীর স্বাস্থ্য পরিষেবায় এই নতুন সংযোজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ