
কলকাতা, ৮ জুলাই (হি. স.) : বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে বিদেশ সফর শেষে কলকাতায় ফিরলেন গৌড়ীয় মিশনের সভাপতি ও আচার্য ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ। ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম, ভক্তি ও হরিনাম সংকীর্তনের আদর্শ প্রচার করে সম্প্রতি তিনি শহরে ফেরেন।
উল্লেখ্য, গত ১৪ মে বাগবাজার থেকে মাধব মহারাজকে সঙ্গে নিয়ে বিদেশ সফরে রওনা দেন তিনি। প্রথমে লন্ডনের শ্রী বাসুদেব গৌড়ীয় মঠে ধর্মীয় কর্মসূচি শুরু হয়। পরে অস্ট্রিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও রচেস্টার, নিউ ইয়র্ক, কলম্বিয়া, কোস্টারিকা এবং কানাডায় ধারাবাহিক ধর্মসভা, হরিনাম সংকীর্তন ও আধ্যাত্মিক আলোচনায় অংশ নেন।
কলকাতায় ফিরে বুধবার ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজের দাবি, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট আধ্যাত্মিক। মানুষের অন্তরে শান্তির অভাব থেকেই হিংসা, বিভাজন ও সংঘাতের জন্ম হচ্ছে। তাঁর মতে, এই পরিস্থিতিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম, করুণা, সহিষ্ণুতা ও সর্বজনীন ভ্রাতৃত্বের শিক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিদেশ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল - জগৎগুরু ভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রতিষ্ঠিত ‘পরাবিদ্যাপীঠ’-এর ভাবনা বিশ্বের সামনে তুলে ধরা বলেও জানান তিনি। তাঁর দাবি, বিভিন্ন দেশে আয়োজিত কর্মসূচিতে বহু মানুষ যোগ দেন এবং শ্রীচৈতন্যের দর্শন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। মহারাজের কথায়, মানুষের কাছে শান্তি ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেওয়াই এই সফরের প্রধান প্রাপ্তি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত