
কলকাতা, ৮ জুলাই (হি. স.): সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই বুধবার প্রকাশ্যে এল তাঁর বহু প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা—দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-র প্রথম ঝলক। অভিনেতা রাজকুমার রাও অভিনীত এই ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পাশাপাশি নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, ২০২৭ সালের ১৪ মে দীর্ঘ ছুটির সপ্তাহান্তে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এদিন প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে রাজকুমার রাওকে সৌরভের ক্রিকেটজীবনের অন্যতম স্মরণীয় মুহূর্তকে পুনর্নির্মাণ করতে দেখা যাচ্ছে। ২০০২ সালে লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে জার্সি খুলে ওড়ানোর সেই আইকনিক দৃশ্য আজও ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে, যা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের আত্মবিশ্বাসী, আগ্রাসী এবং নির্ভীক মানসিকতার সূচনার প্রতীক হয়ে উঠেছিল।
‘দাদা - দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ কেবলমাত্র একজন সফল ক্রিকেটারের কাহিনীচিত্র নয়, বরং এটি এমন এক ব্যক্তিত্বের জীবনগাঁথা যিনি ভারতীয় ক্রিকেটের মানচিত্র পুরোপুরি বদলে দিয়েছিলেন। একজন প্রতিভাবান তরুণ ক্রিকেটারের উত্থান থেকে শুরু করে দেশের অন্যতম সফল ও প্রভাবশালী অধিনায়ক হয়ে ওঠার রোমাঞ্চকর যাত্রাপথ এই ছবিতে বিভিন্ন রূপে ফুটিয়ে তোলা হবে। তাঁর ব্যক্তিগত লড়াই, অধ্যবসায়, দৃঢ় মানসিকতা এবং অনন্য নেতৃত্বের গল্পের মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় রূপোলী পর্দায় উঠে আসবে। এই ছবিটি পরিচালনা করেছেন খ্যাতনামা পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে এবং প্রযোজনায় রয়েছেন লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। গুলশন কুমার, ভূষণ কুমার, টি-সিরিজ এবং ডিবিএল-এর যৌথ প্রযোজনায়, লভ ফিল্মসের ব্যানারে নির্মিত এই বিগ বাজেট ছবিটি আগামী ১৪ মে, ২০২৭ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত