
মুম্বই, ৮ জুলাই (হি.স.): পশ্চিম এশিয়ায় আবারও যুদ্ধের আশঙ্কায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কায় বুধবার হুড়মুড়িয়ে পড়লো ভারতের শেয়ার বাজার। তার জেরে চিন্তার ভাঁজ লগ্নিকারীদের কপালে।
এদিন ধস নামে ভারতের শেয়ার বাজারে। এদিন দুপুরে সেনসেক্স নেমে যায় ১৬৮০ পয়েন্টের বেশি। নিফটি ৫১০ পয়েন্ট-এর বেশি নীচে নামে। তবে বাজার বন্ধের সময় ভারতে ১৬৭৭.১২ পয়েন্ট নেমে সেনসেক্স দাঁড়ায় ৭৬,৫০৩.৬০ অঙ্কে। নিফটি ৫১৬.৬৫ পয়েন্ট কমে ২৩,৮৮২.০৫ অঙ্কে।
এদিকে, যুদ্ধের আশঙ্কায় বিশ্ব বাজারে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জ্বালানি তেলে। আন্তর্জাতিক বাজারে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ছাড়িয়ে গিয়েছে ৭৮ ডলারের সীমা। এর জের পড়েছে টাকার দাম। এ দিন প্রতি ডলার ৫৯ পয়সা উঠে হয়েছে ৯৫.৫৫ টাকা।
বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, ভূ-রাজনৈতিক এই অস্থিরতার জেরে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তারই সরাসরি প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ