ইরানে মার্কিন হামলা অব্যাহত; পাঁচ প্রদেশে ১৪ জনের মৃত্যু, আহত ৭৮
তেহরান, ৯ জুলাই (হি.স.): বুধবার থেকে শুরু হওয়া মার্কিন হামলা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। ইরানের পাঁচটি প্রদেশে চালানো হামলায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৭৮ জন আহত হয়েছেন। একইসঙ্গে হরমুজ প্রণালীর সংলগ্ন বন্দরনগরী বুশেহর, চাবাহার
ইরানে মার্কিন হামলা অব্যাহত; পাঁচ প্রদেশে ১৪ জনের মৃত্যু, আহত ৭৮


তেহরান, ৯ জুলাই (হি.স.): বুধবার থেকে শুরু হওয়া মার্কিন হামলা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। ইরানের পাঁচটি প্রদেশে চালানো হামলায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৭৮ জন আহত হয়েছেন। একইসঙ্গে হরমুজ প্রণালীর সংলগ্ন বন্দরনগরী বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস ও সিরিকে একাধিক বিস্ফোরণের খবর মিলেছে। মার্কিন বাহিনী টানা দ্বিতীয় রাতেও ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, পাল্টা জবাবে বাহরিন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের কথিত হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

এদিকে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার নিন্দা করেছেন। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ পারস্পরিক আস্থাকে দুর্বল করে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান অন্তর্বর্তী চুক্তির শর্ত কার্যকর করা এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টার উপরও জোর দেন তিনি।

বাহরিনও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। বাহরিনের সেনাবাহিনীর এই দাবি এসেছে ইরানের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলার দাবি করার পর।

ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, আহত ৭৮ জনের মধ্যে ৪৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, মার্কিন হামলায় তেহরান-মাশহাদ রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়ে জানিয়েছে, ঘটনাস্থলে প্রযুক্তিগত ও অপারেশনাল দল পাঠানো হয়েছে এবং যাত্রীদের সড়কপথে মাশহাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

মার্কিন সেনাবাহিনীর দাবি, বৃহস্পতিবার সকালে ইরানের অভ্যন্তরে ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলায় সেতু, রেললাইন এবং বিমানবন্দরকে লক্ষ্য করা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

এদিকে, ১৬ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে ন্যাটো মহাসচিব মার্ক রুটের মন্তব্যের তীব্র সমালোচনা করে ইউরোপীয় দেশগুলির বিরুদ্ধেও সংঘাতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ার অভিযোগ তুলেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande