
।। রাজীব দে ।।
ঢাকা, ৩১ জুলাই (হি.স.) : বাংলাদেশে ধর্মের নামে বিভাজন বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির কোনও সুযোগ নেই, মন্তব্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্ৰী বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সব ধর্মাবলম্বী মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। ধর্মকে কেন্দ্র করে কেউ যাতে সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।
আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রী মির্জা ফখরুল বলেন, হাজার বছর ধরে এই ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছেন। তাই ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনও অবকাশ নেই। তিনি বলেন, ‘আমি কখনও আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের সন্তান, এ দেশের নাগরিক।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল সকল মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। সেই চেতনা ধারণ করেই একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্মীয় পরিচয়ের পরিবর্তে নাগরিক পরিচয়ই রাষ্ট্রের মূল ভিত্তি হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী আলমগীর বলেন, বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনও স্থান নেই। সরকার একটি উদার, গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।
সরকার দায়িত্ব গ্রহণের পর সব ধর্মাবলম্বীর জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্গাপূজা, রথযাত্রা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সরকার সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে, যাতে কোনও দুর্বৃত্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।
সনাতন সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, নিজেদের সমস্যা ও দাবি সংগঠিতভাবে সরকারের কাছে তুলে ধরতে হবে। সরকার আলোচনার মাধ্যমে যৌক্তিক দাবিগুলির ইতিবাচক সমাধানে আন্তরিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগের ইতিহাসও স্মরণে রাখতে হবে। ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সমঅধিকারের ভিত্তিতেই এগিয়ে যাবে বাংলাদেশ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজনকান্তি সরকার, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস