
চণ্ডীগড়, ১১ আগস্ট (হি.স.) : চণ্ডীগড়ে ইনড্রাইভের এগ্রিগেটর লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করল স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (এসটিএ)। ইতিমধ্যেই এই নির্দেশ কার্যকর হয়েছে।
ইনড্রাইভের পরিচালনাকারী সংস্থা ইন্ডসিস্টেমস আইটি প্রাইভেট লিমিটেডকে চণ্ডীগড়ে ক্যাব ও বাইক ট্যাক্সি পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইনড্রাইভের সঙ্গে যুক্ত ক্যাব মালিক ও চালকদেরও সংস্থার অধীনে ক্যাব বা বাইক ট্যাক্সি চালানো এবং ইনড্রাইভ অ্যাপের মাধ্যমে বুকিং নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার এসটিএ জানিয়েছে, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম ভাঙলে জরিমানা করার পাশাপাশি তা বাজেয়াপ্তও করা হতে পারে। সাধারণ মানুষকেও ইনড্রাইভ অ্যাপের মাধ্যমে ক্যাব বা বাইক ট্যাক্সি বুক না করার পরামর্শ দিয়েছে এসটিএ কর্তৃপক্ষ। পরিবর্তে এসটিএ-র অনুমোদিত অন্য অ্যাপ-ভিত্তিক পরিষেবা ব্যবহারের আবেদন জানানো হয়েছে।
স্টেট ট্রান্সপোর্ট অথরিটির সচিব নীতিশ সিংলা, পিসিএস-এর তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। এর আগে গত ১৭ জুন চণ্ডীগড়ে এএনআই টেকনোলজিস প্রাইভেট লিমিটেড বা ওলার এগ্রিগেটর লাইসেন্সও ছয় মাসের জন্য স্থগিত করেছিল এসটিএ।
ওলার বিরুদ্ধে চণ্ডীগড় মোটর ভেহিকল এগ্রিগেটর রুলস, ২০২৫-এর একাধিক বিধি না মানার অভিযোগ উঠেছিল। এর মধ্যে চালকদের বিমা, প্রশিক্ষণ, ভাড়া নির্ধারণ এবং সংস্থার পরিচালন সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগও ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস