চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, শিলিগুড়ির নার্সিংহোমে ব্যাপক উত্তেজনা
শিলিগুড়ি, ১১ আগস্ট (হি.স.): শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে চরম উত্তেজনা ছড়ালো। মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, নার্সিংহ
চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, শিলিগুড়ির নার্সিংহোমে ব্যাপক উত্তেজনা


শিলিগুড়ি, ১১ আগস্ট (হি.স.): শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে চরম উত্তেজনা ছড়ালো। মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, নার্সিংহোমে ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যেই রোগীর মৃত্যু হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ আত্মীয় পরিজনেরা নার্সিংহোম প্রাঙ্গণে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সেবক রোডের মূল সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পবন শাহ। তিনি শিলিগুড়ির গুরুং বস্তি এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন দিন আগে অসুস্থ হয়ে পড়ায় পবন শাহকে প্রথমে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। স্বজনদের বক্তব্য অনুযায়ী, প্রাথমিক চিকিৎসার সময় তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। পরবর্তীতে হঠাৎ করেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে তাঁর অবস্থা আশঙ্কাজনক এবং আরও উন্নত চিকিৎসার প্রয়োজন।

হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে সোমবার দুপুরে পবন শাহকে সেবক রোডের ওই বেসরকারি নার্সিংহোমে নিয়ে এসে ভর্তি করান পরিজনেরা। তবে পরিবারের অভিযোগ, ভর্তি করার পর থেকে তাঁদের রোগীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি পবনবাবুর শারীরিক পরিস্থিতি সম্পর্কেও কোনো স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছিল না। রাতে হঠাৎ করে তাঁর মৃত্যুর খবর জানানো হলে ক্ষোভে ফেটে পড়েন স্বজনেরা। তাঁদের প্রশ্ন, নার্সিংহোমে ভর্তি করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কীভাবে রোগীর মৃত্যু হতে পারে?

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নার্সিংহোমের সামনে থমথমে পরিবেশ তৈরি হয়। ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন, যা ধীরে ধীরে রাস্তায় ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা সেবক রোডের ওপর বসে পড়ে পথ অবরোধ করায় ব্যস্ততম এই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়েই ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং যথাযথ তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করা হয়। চিকিৎসার গাফিলতি খতিয়ে দেখতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিজনেরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande