গন্ডারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ফালাকাটায়
ফালাকাটা, ১১ আগস্ট (হি.স.): লোকালয়ে আচমকা গন্ডারের ঢুকে পড়া এবং পরবর্তীতে তার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকায়। মঙ্গলবার সকালে কুঞ্জনগর সংলগ্ন এলাকায় একটি পূর্ণবয়স্ক গন্ডার
গন্ডারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ফালাকাটায়


ফালাকাটা, ১১ আগস্ট (হি.স.): লোকালয়ে আচমকা গন্ডারের ঢুকে পড়া এবং পরবর্তীতে তার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকায়। মঙ্গলবার সকালে কুঞ্জনগর সংলগ্ন এলাকায় একটি পূর্ণবয়স্ক গন্ডারকে তার শাবক-সহ ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কোনওভাবে গন্ডার শাবকটি মায়ের থেকে আলাদা হয়ে যায়। নিখোঁজ শাবকের সন্ধানে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে লোকালয়ে ছোটাছুটি শুরু করে ব্যাকুল মা-গন্ডারটি। সেই সময় একটি বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়। এরপর গন্ডারটি ছুটতে গিয়ে আচমকা একটি বাঁশঝাড়ের ভেতর পড়ে যায়। স্থানীয় অধিবাসীদের দাবি, পড়ে যাওয়ার পর গন্ডারটি আর উঠে দাঁড়াতে পারেনি। কিছুক্ষণ পরই গ্রামবাসীরা বাঁশঝাড়ের ভেতর গন্ডারটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। পৌঁছয় পুলিশও। গন্ডারটির মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মা-গন্ডারটির মৃত্যুর পর অসহায় শাবকটি কোথায় রয়েছে, সে সুরক্ষিত রয়েছে কি না, তা নিয়ে কুঞ্জনগর এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বন দফতরের একটি বিশেষ দল ইতিমধ্যেই শাবকটির খোঁজে সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande