
লখিমপুর খেরি, ১১ আগস্ট (হি.স.) : ২০ বছরের এক যুবতীকে গলা টিপে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের নিমগাঁও থানার পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে অভিযুক্তের ডান পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ সুপার ডঃ খ্যাতি গর্গ জানান, গত ৬ আগস্ট নিমগাঁও থানা এলাকায় ওই যুবতীর নিখোঁজের অভিযোগ দায়ের হয়। পরদিন গ্রামেরই একটি আখের খেত থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে গলা টিপে খুনের বিষয়টি নিশ্চিত হয়। এরপরই ঘটনায় খুনের ধারা যুক্ত করে অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্ত ও বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে রায়পুর বুজুর্গ গ্রামের বাসিন্দা উমাশঙ্কর (৩৩)-এর নাম সামনে আসে। ১০ আগস্ট তাকে গ্রেফতার করতে গ্রামে যায় নিমগাঁও থানার পুলিশ। পুলিশের দাবি, সেই সময় উমাশঙ্কর পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তাঁর ডান পায়ে গুলি লাগে। এরপর ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।
ধৃতের কাছ থেকে ৩১৫ বোরের একটি দেশি বন্দুক, তাতে আটকে থাকা একটি খালি কার্তুজ, দু’টি তাজা কার্তুজ, একটি মোবাইল ফোন এবং পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, উমাশঙ্কর দাগি অপরাধী। এর আগেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। আহত অবস্থায় তাকে পুলিশি পাহারায় বেহজমের কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস