কাবেরী অরণ্যে গুলির লড়াই, নিহত ৩; ঘটনার তদন্তে ম্যাজিস্ট্রেট
চামরাজনগর, ১৫ আগস্ট (হি.স.): কর্নাটকের চামরাজনগর জেলার কাবেরী বন্যপ্রাণ অভয়ারণ্যে ভোরের গুলির ঘটনায় মৃত্যু হল তিন জনের। শনিবার ভোরে হনুর তালুকের শাগ্য বনাঞ্চলে বনকর্মী ও কথিত শিকারিদের মধ্যে গুলির লড়াই হয় বলে বন দফতরের দাবি। ঘটনায় এক বনকর্মীও আহত
কাবেরী অরণ্যে গুলির লড়াই, নিহত ৩; ঘটনার তদন্তে ম্যাজিস্ট্রেট


চামরাজনগর, ১৫ আগস্ট (হি.স.): কর্নাটকের চামরাজনগর জেলার কাবেরী বন্যপ্রাণ অভয়ারণ্যে ভোরের গুলির ঘটনায় মৃত্যু হল তিন জনের। শনিবার ভোরে হনুর তালুকের শাগ্য বনাঞ্চলে বনকর্মী ও কথিত শিকারিদের মধ্যে গুলির লড়াই হয় বলে বন দফতরের দাবি। ঘটনায় এক বনকর্মীও আহত হয়েছেন। তাঁকে কল্লেগাল সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

মৃতদের পরিচয় আন্তোনিস্বামী, পিটার এবং কুমার হিসেবে জানা গিয়েছে। বন দফতরের বক্তব্য, বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে কয়েক জনের জঙ্গলে ঢোকার নির্দিষ্ট খবর পাওয়ার পর শাগ্য এলাকায় অভিযান চালানো হয়। দফতরের দাবি, অভিযানের সময় কথিত শিকারিরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালানো হয়। সেই গুলিতেই তিন জনের মৃত্যু হয়।

মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মাইসুরুর কে আর হাসপাতালে পাঠানো হয়েছে। বন দফতর সূত্রে আরও দাবি, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক এবং একটি হরিণের মৃতদেহ উদ্ধার হয়েছে।

বন দফতরের বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ

তবে বন দফতরের এই দাবি ঘিরেই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তিন মৃতকে শিকারি নয়, কৃষক বলে দাবি করে বনকর্মীদের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, তিন জনকে প্রথমে আটক করা হয়েছিল। পরে কাছ থেকে তাঁদের গুলি করে হত্যা করা হয়।

ঘটনার প্রতিবাদে শাগ্য এলাকায় বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত কয়েক জন বিক্ষোভকারী শাগ্যের উপ-আঞ্চলিক বন আধিকারিকের দফতরে ঢুকে আসবাবপত্রে ভাঙচুর চালান। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

ঘটনা নিয়ে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন, সরকার বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছে। তাঁর বক্তব্য, বনাঞ্চলে গুলির ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে অস্ত্র-সহ প্রয়োজনীয় সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। তদন্ত শেষ হওয়ার পর গুলির লড়াইয়ের প্রকৃত পরিস্থিতি এবং তিন জনের মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande