বাঘের হামলায় আরও এক কৃষকের মৃত্যু, ক্ষোভে সড়ক অবরোধ গ্রামবাসীদের
পশ্চিম চম্পারণ, ১৫ আগস্ট (হি.স.): বিহারের পশ্চিম চম্পারণে ফের বাঘের হামলায় মৃত্যু হল এক কৃষকের। শনিবার দুপুরে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের দ্বিতীয় বন বিভাগের বাল্মীকিনগর বনাঞ্চলের ভেড়িয়ারি চকের কাছে দক্ষিণ টোলায় ঘটনাটি ঘটে। মৃতের নাম বিজয় হালদার (৫০)
বাঘের হামলায় আরও এক কৃষকের মৃত্যু, ক্ষোভে সড়ক অবরোধ গ্রামবাসীদের


পশ্চিম চম্পারণ, ১৫ আগস্ট (হি.স.): বিহারের পশ্চিম চম্পারণে ফের বাঘের হামলায় মৃত্যু হল এক কৃষকের। শনিবার দুপুরে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের দ্বিতীয় বন বিভাগের বাল্মীকিনগর বনাঞ্চলের ভেড়িয়ারি চকের কাছে দক্ষিণ টোলায় ঘটনাটি ঘটে। মৃতের নাম বিজয় হালদার (৫০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ এলাকায় বাঘের হামলার শিকার হন কৃষকটি। ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে মৃতদেহ বগহা-বাল্মীকিনগর রাজ্য সড়কের উপর রেখে অবরোধ শুরু করেন। ফলে রাস্তার দু’দিকে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

গ্রামবাসীদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে গ্রামের আশপাশে নিয়মিত বাঘের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। বিষয়টি বন দফতরকে জানানো হলেও মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বন দফতরের একটি গাড়ি উল্টে দেওয়ার ঘটনায়। এক বনকর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

খবর পেয়ে পুলিশ ও বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলেও দীর্ঘক্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে বগহা মহকুমার পুলিশ আধিকারিক নিহার ভূষণ, মহকুমাশাসক চাঁদনী কুমারী, এসএসবির সহকারী কমান্ড্যান্ট অবধেশ কুমার-সহ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। বাল্মীকিনগর, নৌরঙ্গিয়া ও লৌকরিয়া থানার পুলিশও মোতায়েন করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিন আগেই বাঘের হামলায় একই এলাকায় আরও এক কৃষকের মৃত্যু হয়েছিল। পরপর হামলায় বাঘ-আতঙ্ক আরও বাড়ছে বাল্মীকিনগর সংলগ্ন গ্রামগুলিতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande