
বসিরহাট, ১৫ আগস্ট (হি.স.): ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙায় সৌহার্দ্যের ছবি ধরা পড়ল। এদিন সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি আলিঙ্গনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দেওয়া হয়।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙা সীমান্ত এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে স্কুলপড়ুয়া, সীমান্ত এলাকার ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি-সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
এরপর ১০২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ আধিকারিক ও জওয়ানরা সীমান্তের ওপারে থাকা বিজিবি সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিএসএফের তরফে বিজিবি সদস্যদের মিষ্টি উপহার দেওয়া হয়। পাল্টা শুভেচ্ছা জানান বাংলাদেশের সীমান্তরক্ষীরাও।
দুই দেশের জিরো পয়েন্টে মিষ্টিমুখ ও আলিঙ্গনের এই দৃশ্য উপস্থিতদের নজর কাড়ে। সীমান্তে নিরাপত্তা ও নজরদারির পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তাও উঠে আসে এদিনের অনুষ্ঠানে।
স্বাধীনতা দিবসের দিনে সীমান্তের এই সৌহার্দ্যের ছবি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যেও ইতিবাচক বার্তা দিয়েছে। সীমান্তের দুই প্রান্তের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতির প্রত্যাশাও প্রকাশ পায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়