
নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): পশ্চিম এশিয়ায় চলা অস্থিরতার মধ্যেই পেট্রল, ডিজেল এবং বিমান জ্বালানি (এটিএফ) রফতানির উপর উইন্ডফল ট্যাক্স কমাল কেন্দ্র। অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশোধিত হার ১৪ আগস্ট থেকেই কার্যকর হয়েছে। পেট্রল রফতানির ক্ষেত্রে কর পুরোপুরি প্রত্যাহার করে শূন্য করা হয়েছে। একই সঙ্গে ডিজেল ও এটিএফ-এর উপরও শুল্ক কমানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল রফতানিতে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক প্রতি লিটারে ২৫.৫০ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। বিমান জ্বালানির ক্ষেত্রে এই শুল্ক ২২ টাকা থেকে কমে হয়েছে ১৯.৫০ টাকা প্রতি লিটার। অন্যদিকে, পেট্রল রফতানিতে আগে ধার্য থাকা ৩.৫০ টাকা প্রতি লিটারের শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রক স্পষ্ট করেছে, দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য পেট্রল ও ডিজেলের উপর বর্তমানে যে শুল্ক রয়েছে, তাতে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ নতুন সিদ্ধান্ত মূলত রফতানিমুখী জ্বালানি শুল্কের ক্ষেত্রেই প্রযোজ্য।
পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ার পর দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির জোগান নিশ্চিত রাখা এবং অতিরিক্ত মুনাফার উপর নজর রাখতেই উইন্ডফল ট্যাক্সের ব্যবস্থা নেওয়া হয়েছিল। সরকার পরিস্থিতি অনুযায়ী প্রতি পাক্ষিকে এই করের হার পর্যালোচনা করে।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে চলতি বছরের ২৭ মার্চ ডিজেল ও এটিএফ রফতানিতে শুল্ক চালু করা হয়েছিল। পরে ১৬ মে পেট্রল রফতানির ক্ষেত্রেও এই কর আরোপ করা হয়। এবার আন্তর্জাতিক পরিস্থিতি এবং জ্বালানি বাজারের পরিবর্তনের মধ্যে সেই শুল্কের হার কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য