
দমদম, ১৫ আগস্ট (হি.স.): দমদম ক্যান্টনমেন্টের সাউথ সুভাষনগরের আদ্যামার গলিতে এক মহিলাকে খুনের ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করল দমদম থানার পুলিশ। ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। খুনের ঘটনার পর থেকেই মহিলার স্বামীকে সন্দেহের তালিকায় রেখেছিলেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে একটি একতলা বাড়ির বন্ধ ঘর থেকে জয়া পরামাণিক নামে ওই মহিলার কম্বল মোড়া রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মৃতার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ধারালো বস্তু দিয়ে তাঁকে আঘাত করার পর শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে।
জানা গিয়েছে, জয়া পরামাণিক ওই বাড়িতে ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। তাঁর স্বামীর সঙ্গে আলাদা থাকতেন বলেও স্থানীয় সূত্রে খবর। খুনের নেপথ্যে পারিবারিক অশান্তি, সম্পর্কজনিত কারণ নাকি অন্য কোনও বিষয় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর দুষ্কৃতীরা বাড়ির সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়ে যায় বলে তদন্তকারীদের অনুমান। এই ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পাশাপাশি মৃতার স্বামীর খোঁজও চালাচ্ছিল পুলিশ। তদন্তের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।
খুনের সঠিক কারণ এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়