
নয়াগ্রাম, ১৫ আগস্ট (হি.স.): উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নয়াগ্রামের কুরচীবনী গ্রামে পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মন্ত্রী তথা নয়াগ্রামের বিধায়ক অমিয় কিস্কু। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্কুলপড়ুয়াদের নিয়ে গ্রামজুড়ে পদযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহিলাদের পাশাপাশি যুবক-যুবতী, স্কুলপড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বক্তব্য রাখতে গিয়ে অমিয় কিস্কু ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রসঙ্গ তুলে পাকিস্তানের বিরুদ্ধেও কড়া বক্তব্য দেন তিনি। পাশাপাশি ভারতীয় সংস্কৃতি ও হিন্দু ধর্মীয় চেতনার প্রসার নিয়েও বক্তব্য রাখেন মন্ত্রী। দেশপ্রেম, জাতীয় সংহতি এবং দেশের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলার উপর জোর দেন তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম-১ মণ্ডলের যুব সভাপতি অরুণ মাইতি, মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলপড়ুয়াদের অংশগ্রহণে আয়োজিত র্যালি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। হাতে জাতীয় পতাকা নিয়ে পড়ুয়াদের পদযাত্রায় মুখর হয়ে ওঠে গ্রামের পথঘাট।
অনুষ্ঠানকে কেন্দ্র করে কুরচীবনী গ্রামে দেশপ্রেম, ঐক্য, সম্প্রীতি ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে পড়ে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়