পাঁচ টাকার নোট-কয়েনে নেতাজি, কিশোর শিল্পীর অভিনব শ্রদ্ধা
কৃষ্ণনগর, ১৫ আগস্ট (হি.স.):পাঁচ টাকার পুরনো নোট ও কয়েনেই স্বাধীনতার অভিনব শ্রদ্ধার্ঘ্য তৈরি করল কৃষ্ণনগরের ঘূর্ণির নবম শ্রেণির ছাত্র সন্দীপ পাল। স্বাধীনতা দিবস উপলক্ষে পুরনো পাঁচ টাকার কাগুজে নোটের উপর এঁটেল মাটি দিয়ে ভারতমাতা ও নেতাজি সুভাষচন্দ্র
সন্দ্বীপ পাল


কৃষ্ণনগর, ১৫ আগস্ট (হি.স.):পাঁচ টাকার পুরনো নোট ও কয়েনেই স্বাধীনতার অভিনব শ্রদ্ধার্ঘ্য তৈরি করল কৃষ্ণনগরের ঘূর্ণির নবম শ্রেণির ছাত্র সন্দীপ পাল। স্বাধীনতা দিবস উপলক্ষে পুরনো পাঁচ টাকার কাগুজে নোটের উপর এঁটেল মাটি দিয়ে ভারতমাতা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষুদ্র ত্রিমাত্রিক অবয়ব তৈরি করেছে সে। পাশাপাশি পাঁচ টাকার ধাতব কয়েনের উপরও অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছে নেতাজির আবক্ষ মূর্তি।

নোটের উপর প্রায় দুই ইঞ্চির ভারতমাতা ও এক ইঞ্চির নেতাজির মূর্তি তৈরি করতে প্রায় এক দিন একনিষ্ঠভাবে কাজ করেছে সন্দীপ। কয়েনের অতি ছোট পরিসরে নেতাজির মুখের আদল ফুটিয়ে তোলা ছিল আরও কঠিন। সন্দীপ জানিয়েছে, ১৫ অগস্ট দেশনায়ক নেতাজি ও ভারতমাতাকে অন্যরকমভাবে শ্রদ্ধা জানানোর ভাবনা থেকেই এই শিল্পকর্ম তৈরি করেছে সে।

ঘূর্ণির ঐতিহ্যবাহী মৃৎশিল্পী পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি সন্দীপ। ছোটবেলা থেকেই মাটির পুতুল ও ভাস্কর্য তৈরির পরিবেশে তার বেড়ে ওঠা। বাবা ও প্রয়াত দাদুর পাশাপাশি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জ্যাঠামশাই তথা বিশিষ্ট মৃৎশিল্পী সুবীর পালও তাকে অনুপ্রাণিত করেছেন।

এর আগে বিভিন্ন প্রতিকৃতি ও ছোট মডেল তৈরি করলেও মুদ্রার উপর এমন সূক্ষ্ম কাজ এই প্রথম। ভবিষ্যতে মিনিয়েচার আর্ট নিয়ে কাজ করে ঘূর্ণির মৃৎশিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্ন দেখে সন্দীপ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande