
কলকাতা, ১৫ আগস্ট (হি. স.) : শনিবার কলকাতার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দফতরে ৮০তম স্বাধীনতা দিবস পালিত হল। জাতীয় পতাকা উত্তোলন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। এরপর আরপিএফ ব্যান্ডের জাতীয় সঙ্গীত এবং রেলকর্মীদের পরিবেশন দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিংহ। তাছাড়া বিভিন্ন বিভাগের প্রধান, রেলকর্মী, সংগঠনের প্রতিনিধিরা ও সংবাদমাধ্যমের কর্মীরা। প্রারম্ভিক বক্তব্যে গীতিকা জানান, - পূর্ব রেলের কাছে নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার। হাওড়া-ছোটা আম্বানা রুটে ২৬০ কিমির বেশি পথে কবচ চালু হয়েছে। ২৭১টি স্টেশনে ৭,৩৩৫টি ক্যামেরায় নজরদারিও চলছে।
চলতি অর্থবর্ষে ২৫টি নতুন ট্রেন চালু এবং ২৪টি ট্রেনের পরিষেবা সম্প্রসারিত হয়েছে। চলতি বছরের জুলাই পর্যন্ত যাত্রী পরিবহণ ৪৪.৮ কোটি, আয় ৪,৯৮৭ কোটি টাকা এবং পণ্য পরিবহণ ৭০.২০ মিলিয়ন টন। বিভিন্ন পরিকাঠামোগত কাজের পাশাপাশি লিলুয়া, জামালপুর ও কাঁচরাপাড়া ওয়ার্কশপেও উল্লেখযোগ্য সাফল্য ধরা পড়েছে।
উল্লেখ্য, পরিবেশ রক্ষায় চার মাসে ৬.৮২ মিলিয়ন ইউনিট সৌরবিদ্যুৎ উৎপাদন ও ৪.২৮ লক্ষ গাছ লাগানো হয়েছে। অপারেশন ‘নানহে ফরিশ্তে’-তে ৮৫৩ শিশুকে উদ্ধার করেছে আরপিএফ। খেলাধুলাতেও ২০টি সোনা-সহ ৪৭টি পদক জয় হল। কর্মীদের নিষ্ঠার প্রশংসা করে নিরাপত্তা, উৎকর্ষ, পরিবেশ ও দেশগঠনে পূর্ব রেলের অঙ্গীকারের কথাও এদিন জানান গীতিকা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত