
কলকাতা, ১৫ আগস্ট (হি. স.) : স্বাধীনতার ৮০তম বর্ষ উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০২৬-এর পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন গ্রাম্য পুজো কমিটিকে ‘প্রণবানন্দ হিন্দু সংস্কৃতি সেবা সম্মান’ প্রদান করা হয়েছে। সনাতন হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় আচরণকে সুসংগঠিত করার লক্ষ্যে পুজো কমিটিগুলির হাতে শ্রীশ্রী চণ্ডী, গীতা ও ঠাকুরের ছাতা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় প্রণবানন্দ বিদ্যামন্দির, হিন্দু মিলন মন্দির এবং স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেন সকলেই। দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।এদিন রবীন্দ্র অঞ্চলের বিভিন্ন প্রান্তের ৮০ জন প্রবীণ মানুষের হাতে বস্ত্র ও গীতা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী অন্নেষানন্দ, ব্রহ্মচারী খোকন মহারাজ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।মন্দিরের পক্ষ থেকে শিল্পী পলাশ দাস, গবেষক ড. হিরণ্ময় রায় এবং চিকিৎসক ডা. কৃষ্ণেন্দু দেবকেও বিশেষ সম্মান জানানো হয়। ছাত্রছাত্রীদের সংবর্ধনা, প্রবীণদের সাহায্যদান এবং ধর্মীয় সামগ্রী বিতরণের মধ্য দিয়ে দিনভর উৎসবের আবহ বজায় ছিল মন্মথপুরে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত