
মালদা, ১৫ আগস্ট (হি.স.):স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা টাউন হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই জেলার বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘কর্মরত্ন’ পুরস্কার তুলে দেওয়া হয়। মেডেল ও শংসাপত্র দিয়ে আধিকারিকদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর এবং অতিরিক্ত জেলাশাসকরা।
এবারের ‘কর্মরত্ন’ পুরস্কার পেয়েছেন হবিবপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক স্বপন তরফদার। হবিবপুর ব্লকের সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে জমি সংক্রান্ত জটিলতা ছিল। বিষয়টি সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের কাছেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। স্বপন তরফদারের উদ্যোগে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় তৈরি করে সেই জটিলতা কাটানো সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রের দাবি, এখনও পর্যন্ত প্রায় ৯০ শতাংশ জমি হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে। ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়েছে।
পুরস্কার পেয়ে স্বপন তরফদার বলেন, এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত খুশি। ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার জন্য এই সম্মান তাঁকে অনুপ্রেরণা দেবে। জেলাশাসক রাজনবীর সিংহ কাপুর বলেন, মানুষের স্বার্থে নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা আধিকারিকদের উৎসাহিত করতেই ‘কর্মরত্ন’ সম্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও ভালো কাজকে স্বীকৃতি দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়