
নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও, খাড়গে অথবা রাহুলের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অনুপস্থিতি প্রসঙ্গে কংগ্রেস নেতা পবন খেরা বিজেপিকে আক্রমণ করেন। বলেন, যাঁরা স্বাধীনতার লড়াই অথবা স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ না পেলে তাঁরাই খারাপ বোধ করেন। তিনি আরও বলেন, ১৯৩৭ সালের অক্টোবরে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে গান্ধীজি-সহ সমস্ত বিশিষ্ট নেতা সিদ্ধান্ত নিয়েছিলেন, কংগ্রেসের অনুষ্ঠানে 'বন্দে মাতরম' গাওয়া হবে। এটিই জাতীয় সঙ্গীত।
খাড়গে ও রাহুলের অনুপস্থিতি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, লালকেল্লায় আমি লক্ষ্য করলাম রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেখানে উপস্থিত ছিলেন না। তাঁরা দুজনেই সাংবিধানিক পদে আসীন, তাই আমি আমার সহকর্মীদের কাছে জানতে চেয়েছিলাম কেন তাঁরা উপস্থিত ছিলেন না। এটি জাতীয় গর্ব ও উদযাপনের একটি দিন। তাঁদের অনুপস্থিতি দুর্ভাগ্যজনক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ