
ভোপাল, ১৫ আগস্ট (হি. স. ) : “ভগবান শ্রীরাম থেকে শ্রীকৃষ্ণ, সকলেই সাম্যের বার্তা দিয়েছেন। সেই বার্তাকে সামনে রেখেই রাম ও রহিম সকলের জন্য দ্রুত এক আইন কার্যকর হবে।” শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেই দ্রুত ওই আইন কার্যকর করার কথা ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।
তিনি বলেন, একই সঙ্গে তিনি জানান, ‘সংবিধানের ৩৪২ ও ৩৬৬ (অনুচ্ছেদ ২৫)-এর আওতাভুক্ত তফসিলি উপজাতিদের ক্ষেত্রে এই বিল প্রযোজ্য হবে না।’
রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে গত ২১ জুলাই বিল পাশ হয় বিধানসভায়। কংগ্রেসের প্রবল বিরোধিতা সত্ত্বেও বিজেপির সংখ্যাবলে সেটি পাশও হয়ে যায়।
বিল পেশের সময় মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, ‘মধ্যপ্রদেশ বিধানসভায় এক সোনালী ইতিহাস রচিত হতে চলেছে। তবে কংগ্রেস তাদের তোষণের রাজনীতির জন্য এই বিলের বিরোধিতা করছে। এবং এটিকে আদিবাসী-বিরোধী বলে আখ্যা দিচ্ছে।’ পাশ হওয়া এই বিলে ‘তিন তালাক’ ও ‘বহুবিবাহ’ নিষিদ্ধকরণ তো বটেই, সব ধর্মের মানুষের অভিন্ন বিবাহ এবং বিচ্ছেদ আইন গ্রাহ্য হবে। পাশাপাশি ‘লিভ-ইন’ সম্পর্কের জন্যও নিয়মকানুন নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে এক মাসের মধ্যে বাধ্যতামূলক নিবন্ধন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত