
নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): বিদেশে থাকা অঘোষিত সম্পত্তি বা আয় করের আওতায় আনার জন্য ছোট করদাতাদের উদ্দেশে নতুন স্বেচ্ছা-ঘোষণা প্রকল্প চালু করল কেন্দ্র। বিদেশি সম্পত্তি প্রকাশ প্রকল্প, ২০২৬ নামে এই প্রকল্প ১৬ আগস্ট থেকে কার্যকর হবে। অনলাইনে ঘোষণার শেষ দিন ৩১ ডিসেম্বর, ২০২৬।
আয়কর দফতর জানিয়েছে, কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ ইতিমধ্যেই প্রকল্পের নিয়ম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। এর আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট শর্তে বিদেশে থাকা এমন সম্পত্তি বা বিদেশি আয় প্রকাশ করতে পারবেন, যা আগে আয়কর সংক্রান্ত নথিতে ঘোষণা করা হয়নি।
প্রথম শ্রেণিতে এমন অঘোষিত বিদেশি সম্পত্তি বা আয় থাকবে, যার উপর প্রয়োজনীয় কর দেওয়া হয়নি। এই ক্ষেত্রে অঘোষিত সম্পত্তির মোট মূল্য এক কোটি টাকা পর্যন্ত হতে হবে। ঘোষণার ক্ষেত্রে ৩০ শতাংশ করের পাশাপাশি সমপরিমাণ অতিরিক্ত অর্থ দিতে হবে।
দ্বিতীয় শ্রেণিতে এমন বিদেশি সম্পত্তি রয়েছে, যার উপর আগে কর দেওয়া হয়ে গিয়েছে, অথবা করদাতা অনাবাসী ভারতীয় হিসেবে থাকার সময় সম্পত্তিটি অর্জন করেছিলেন কিন্তু আয়কর রিটার্নের সংশ্লিষ্ট ঘরে তা উল্লেখ করা হয়নি। এই ক্ষেত্রে সম্পত্তির মূল্যসীমা পাঁচ কোটি টাকা পর্যন্ত। এর জন্য নির্দিষ্ট এক লক্ষ টাকা ফি দিতে হবে।
প্রকল্পের আওতায় ঘোষণাযোগ্য সম্পত্তির ন্যায্য বাজারমূল্য ৩১ মার্চ, ২০২৬-এর ভিত্তিতে নির্ধারণ করা হবে। ১৬ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে প্রথম নম্বরের নির্ধারিত ফর্ম-এর মাধ্যমে ঘোষণা জমা দেওয়া যাবে।
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ ছোট করদাতা—বিশেষত ছাত্র, তরুণ পেশাজীবী, প্রযুক্তি ক্ষেত্রের কর্মী এবং বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য এই স্বেচ্ছা-ঘোষণা ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছিল। এবার তার নিয়ম প্রকাশ করে বাস্তবায়নের পথে এগোল কেন্দ্র।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য