
নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.) দেশবাসীকে ৮০-তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় জানান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা। আমরা কৃতজ্ঞচিত্তে সেই অগণিত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি, যাঁদের সাহস, আত্মত্যাগ ও অবিচল নিষ্ঠা ঔপনিবেশিক শাসনের অবসান নিশ্চিত করেছিল। 'বিকশিত ভারত' গড়ে তোলার লক্ষ্যে আমরা যখন সম্মিলিতভাবে কাজ করছি, তখন তাঁদের স্বপ্নই আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে। ১৪০ কোটি ভারতবাসীর শক্তিতে বলীয়ান হয়ে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির নতুন উচ্চতা স্পর্শ করছে। আগামী দিনগুলিতেও এই অগ্রযাত্রা আরও দ্রুত গতিতে এগিয়ে চলুক—এই কামনাই করি।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। বাপুকে শ্রদ্ধা জানানোর পর, সেখান থেকে লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর লালকেল্লার প্রাকারে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ