হাইলাকান্দিতে তাপপ্রবাহের জেরে বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন
হাইলাকান্দি, (অসম) ১৪ আগস্ট (হি.স.) : তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখে হাইলাকান্দি জেলায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে হাইলাকান্দির অতিরিক্ত আয়ুক্ত
হাইলাকান্দিতে তাপপ্রবাহের জেরে বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন


হাইলাকান্দি, (অসম) ১৪ আগস্ট (হি.স.) : তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখে হাইলাকান্দি জেলায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে হাইলাকান্দির অতিরিক্ত আয়ুক্ত ত্রিদিব রায় এক নির্দেশ জারি করে নতুন সময়সূচি ঘোষণা করেছেন। আগামী সোমবার, ১৭ আগস্ট থেকে এই পরিবর্তিত সময়সূচি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নির্দেশ অনুযায়ী, নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঠদান চলবে। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং উচ্চমাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ক্লাস চলবে।

তাপপ্রবাহ মোকাবিলায় বিদ্যালয়গুলির জন্য একাধিক সুরক্ষামূলক নির্দেশও জারি করা হয়েছে। প্রাতঃকালীন প্রার্থনা সভা খোলা রোদে না করে ছায়াযুক্ত স্থান, যেমন বারান্দা বা গাছের নিচে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রেখে করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের ডিহাইড্রেশন বা জলশূন্যতা থেকে রক্ষা করতে প্রত্যেককে সঙ্গে জলের বোতল রাখার এবং ঘন ঘন জলপানে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র গরমের সময় শিক্ষার্থীদের জুতো, মোজা ও টাই পরার ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড় দেওয়া যেতে পারে বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে।

তাপপ্রবাহের কারণে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি প্রতিটি শ্রেণিকক্ষে পর্যাপ্ত সিলিং ফ্যান, নিরাপদ সুইচবোর্ড এবং সঠিক অভ্যন্তরীণ বৈদ্যুতিক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

পাঠদানের সময় শ্রেণিকক্ষে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করার জন্য উপযুক্ত বসার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিদ্যালয়ের শৌচাগার ও প্রস্রাবাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবর্তিত সময়সূচি ও তাপপ্রবাহ মোকাবিলায় গৃহীত সুরক্ষামূলক ব্যবস্থাগুলি সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের দ্রুত অবহিত করার জন্যও বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande