
শিলিগুড়ি, ১৫ আগস্ট (হি. স.) : দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো স্বাধীনতার উৎসব। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে অবস্থিত পর্যটন বিভাগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অন্যদিকে, উত্তরবঙ্গের মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’-য় এই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
এই উপলক্ষে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
অন্যদিকে, উত্তরবঙ্গের মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’-য় প্রথমবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক জাতীয় পতাকা উত্তোলন করেন। ২০১৪ সালে উত্তরকন্যা উদ্বোধনের পর থেকে সাধারণত স্বাধীনতা দিবস ও সাধারণতন্ত্র দিবসে আধিকারিক বা বিভাগীয় কমিশনারই (ডভিশনাল কমিশনার) পতাকা উত্তোলন করে আসছিলেন। এবার সেই ঐতিহ্যে বদল এনে মন্ত্রী স্বয়ং জাতীয় পতাকা উত্তোলন করলেন।
পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, উত্তরকন্যায় এখন পরিবর্তনের সূচনা হয়েছে। তিনি জানান, বর্তমানে শিক্ষামন্ত্রী, বনমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা এখান থেকেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন। ভবিষ্যতে দক্ষিণবঙ্গের মন্ত্রীদের জন্যও এখানে চেম্বারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
এই কর্মসূচি চলাকালীন নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্কের বিষয়েও তীব্র প্রতিক্রিয়া জানান নিশীথ প্রামাণিক। তিনি বলেন, নেতাজির মতো বীর সন্তানকে ভারতের প্রতিটি মা জন্ম দিতে চাইবেন। নেতাজির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকারীদের কড়া হুশিয়ারি দিয়ে তিনি জানান, এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে দুই মন্ত্রীর অনুষ্ঠানেই দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং রাষ্ট্রের প্রতি সম্মানের বার্তা প্রাধান্য পায়।
হিন্দুস্থান সমাচার / সোনালি