
খড়দহ, ১৫ আগস্ট (হি.স.):খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে প্রাক্তন চেয়ারম্যান নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা জানালেন তিলোত্তমার মা রত্না দেবনাথ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি অপরাধী প্রমাণিত হওয়ার আগে এভাবে প্রকাশ্যে হেনস্থা করা ঠিক নয়। আইন অনুযায়ী বিচার ও শাস্তির উপরই আস্থা রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিলোত্তমার ঘটনায় জড়িত কেউই পার পাবে না বলেও দাবি করেন রত্না দেবনাথ। মুখ্যমন্ত্রীর উপর তাঁর আস্থা রয়েছে এবং অভিযুক্ত প্রাক্তন চেয়ারম্যান ধরা পড়বেন বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে রত্না দেবনাথ বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। তাঁকে ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর আরও অভিযোগ, মেয়ের দেহ দ্রুত সৎকারের ঘটনায় পুলিশের ভূমিকা ছিল এবং সৎকারের জন্য পুলিশ যে টাকা দিয়েছিল, তা ফেরত দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজছেন। তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে কোনও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানান রত্না দেবনাথ। তিনি বলেন, বিধানসভায় বিষয়টি জানানোর পর সরকার তাঁর স্বামীর নিরাপত্তার ব্যবস্থা করেছে। তাঁর দাবি, বিধানসভায় যাওয়ার পর স্বামীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তিনি স্পষ্ট জানান, তিলোত্তমার ঘটনায় দোষীরা আইন অনুযায়ী শাস্তি পাক—এটাই তাঁর দাবি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়