
চাকদহ, ১৫ আগস্ট (হি.স.):তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির গাছ কাটতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হলেন দুই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার চাকদহ থানার বিষ্ণুপুর হারিপুকুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বাড়িতে গাছ কাটার কাজ চলছিল। সেই সময় আচমকাই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে দেবদাস মুন্ডা নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর হাতের আঙুল উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। একই ঘটনায় সরজিৎ সরদার নামে আরও এক ব্যক্তি সামান্য আহত হন।
বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। দেবদাসের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
গাছ কাটার সময় কীভাবে সেখানে বোমা এল এবং কারা সেটি সেখানে রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। বোমাটি আগে থেকেই সেখানে রাখা ছিল কি না, বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরের আশঙ্কাও তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়