
লখনউ, ১৫ আগস্ট (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্র্যাক্টর-ট্রলি উল্টে গিয়ে প্রাণ গেল চার শ্রমিকের। শনিবার উত্তর প্রদেশের লখনউয়ের গোসাইগঞ্জ থানা এলাকায় গঙ্গাগঞ্জ-সুলতানপুর হাইওয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।
দক্ষিণ লখনউয়ের অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার জানিয়েছেন, সকালে দুর্ঘটনার খবর আসে। গঙ্গাগঞ্জ-সুলতানপুর হাইওয়ে দিয়ে ইট নিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টর-ট্রলিটি রাস্তার উপর উল্টে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও এক শ্রমিককে কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (কেজিএমইউ) ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে বরাবাঁকির বাসিন্দা সন্দীপ রাওয়াত, পীতাম্বর রাওয়াত এবং পবন রাওয়াত রয়েছেন। চতুর্থ মৃত শ্রমিক বলরাম রাওয়াতও বারাবাঁকির বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চার জনই একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পীতাম্বর ট্র্যাক্টরটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর পুলিশ চার জনের দেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য