
কলকাতা, ১৫ আগস্ট (হি. স.) : কলকাতা থেকে রায়গঞ্জগামী এনবিএসটিসি বাসে এক মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে দ্রুত পদক্ষেপ করল পরিবহণ দফতর। ১১ আগস্ট রাত ১১টা ২১ মিনিটে অভিযোগ-সংক্রান্ত ই-মেল পাওয়ার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং ।
অভিযোগে জানানো হয়, মহিলা যাত্রী একাই বাসে ভ্রমণ করছিলেন। তাঁর আসন ছিল ৪ নম্বর। বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। যদিও অভিযোগ পাওয়ার পরেই সংশ্লিষ্ট আধিকারিকদের ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়।
প্রাথমিক তদন্তের পর প্রাপ্ত রিপোর্টে জানা গিয়েছে যে, ৪ নম্বর আসনের পাশের ৩ নম্বর আসনটি অন্য এক মহিলা যাত্রীর নামে বুক করা থাকলেও তিনি বাসে ওঠেননি। সেই আসন খালি থাকায় এক পুরুষ যাত্রী সেখানে বসেন। এতে আপত্তি জানান মহিলা যাত্রী। পরে ওই যাত্রী নিজেই পরবর্তী স্টপেজে নেমে যান। এরপর আর কোনও অপ্রীতিকর ঘটনার উল্লেখ নেই যদিও লিখিত রিপোর্টে।
তবে বিষয়টি হালকাভাবে দেখছে না রাজ্য পরিবহণ দফতর। একা মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করতে বাসকর্মীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, তদন্তে কোনও গাফিলতি বা অসদাচরণ প্রমাণিত হলে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন মন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত