উত্তরপাড়া কোতরং পুরসভায় উল্টো জাতীয় পতাকা নিয়ে বিতর্ক
হুগলি , ১৫ আগস্ট (হি.স.) : ভারতের ৮০ তম স্বাধীনতা দিবসে উত্তরপাড়া কোতরং পুরসভায় জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, পতাকা উত্তোলনের সময় উল্টো জাতীয় পতাকা তোলা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুর
বিতর্কিতভাবে উত্তোলিত হয়েছে জাতীয় পতাকা


হুগলি , ১৫ আগস্ট (হি.স.) : ভারতের ৮০ তম স্বাধীনতা দিবসে উত্তরপাড়া কোতরং পুরসভায় জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, পতাকা উত্তোলনের সময় উল্টো জাতীয় পতাকা তোলা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় সমালোচনা।

জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, পুর প্রশাসক-সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, বিধায়ক ও পুর আধিকারিকদের উপস্থিতিতে কীভাবে জাতীয় পতাকা উল্টোভাবে উত্তোলিত হলো।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ইচ্ছাকৃত নয়। পুরসভার আমন্ত্রণেই বিধায়ক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে জাতীয় পতাকা উত্তোলনের সময় ভুলবশত এই অনিচ্ছাকৃত ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার পর ভুল সংশোধন করা হয়। পরবর্তীতে নেতাজি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের সময় সঠিক নিয়ম মেনেই পতাকা উত্তোলন করা হয়েছে বলে পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে জাতীয় পতাকা উত্তোলনকে ঘিরে এমন ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে দিনভর চর্চা চলে উত্তরপাড়া কোতরং এলাকায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande