
ঝাড়গ্রাম, ১৫ আগস্ট (হি.স.):নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের একাধিক এলাকা। পরিস্থিতি সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে কুলটিকরী গ্রাম পঞ্চায়েতের চরাড় ও গৌরবেড়া এলাকায়। বিস্তীর্ণ চাষের জমি জলের তলায় চলে যাওয়ার পাশাপাশি রাস্তাঘাট ও একাধিক বাড়িতে জল ঢুকে পড়ে। ভেঙে পড়ে আটটি মাটির বাড়ি। জলবন্দি হয়ে পড়েন বহু পরিবার।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে চারটি স্কুলে আশ্রয়কেন্দ্র খোলা হয়। সেখানে ৫৫টি পরিবারের ১১৯ জন আশ্রয় নেন। শনিবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্খা ভাস্কর ও পুলিশ সুপার মানব সিংলা। আশ্রয়কেন্দ্রে গিয়ে তাঁরা দুর্গতদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
গ্রামবাসীদের অভিযোগ, সুরুলিয়া খালের নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় তিন দিন ধরে জলবন্দি থাকতে হয়েছে। প্রায় ৮০০ একর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি তাঁদের। ফসলের ক্ষতির কারণে কৃষিঋণ মকুবের দাবি জানিয়েছেন চাষিরা।
জেলাশাসক জানান, ২০০৭ সালের পর এই এলাকায় এত বড় বন্যা পরিস্থিতি দেখা যায়নি। সুরুলিয়া খালের সমস্যা চিহ্নিত হয়েছে। খাল সংস্কার হলে ভবিষ্যতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত বাড়ি, কৃষিজমি ও ত্রাণের বিষয়গুলি প্রশাসন খতিয়ে দেখছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়