৪৭ লক্ষ টাকার চুল নিয়ে প্রতারণা, দিল্লি বিমানবন্দর থেকে ভিয়েতনামী নাগরিক গ্রেফতার
পূর্ব মেদিনীপুর, ১৫ আগস্ট (হি.স.): প্রায় ৪৭ লক্ষ টাকা মূল্যের মানুষের চুল নিয়ে প্রতারণার অভিযোগে এক ভিয়েতনামী নাগরিককে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হোয়াং ভ্যান থাং। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার। শনিবার পুলিশ
গ্রেফতার


পূর্ব মেদিনীপুর, ১৫ আগস্ট (হি.স.): প্রায় ৪৭ লক্ষ টাকা মূল্যের মানুষের চুল নিয়ে প্রতারণার অভিযোগে এক ভিয়েতনামী নাগরিককে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হোয়াং ভ্যান থাং। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ অগস্ট স্থানীয় বাসিন্দা গৌতম মাইতি ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ, হোয়াং ভ্যান থাং তাঁর কাছ থেকে প্রায় ২০০ কেজি মানুষের চুল কেনেন। চুলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ টাকা। চুক্তি অনুযায়ী চুল ভিয়েতনামে পাঠিয়ে দেওয়া হলেও তার মূল্য পরিশোধ না করেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন গৌতম।

অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, অভিযুক্ত দিল্লি বিমানবন্দর হয়ে দেশ ছাড়ার চেষ্টা করছেন। এরপর পশ্চিমবঙ্গ সিআইডি, দিল্লি বিমানবন্দর থানা, দিল্লি পুলিশ, সিআইএসএফ এবং কলকাতা ও দিল্লির এফআরআরও-র সঙ্গে সমন্বয় করে ভগবানপুর থানার পুলিশ।

যৌথ তৎপরতায় দিল্লি বিমানবন্দর থেকে ওই ভিয়েতনামী নাগরিককে আটক করা হয়। পরে ভগবানপুর থানার বিশেষ দল দিল্লিতে গিয়ে তাঁকে গ্রেফতার করে। ট্রানজিট রিমান্ডে তাঁকে ভগবানপুর থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার তাঁকে কাঁথি আদালতে পেশ করা হবে। এই ঘটনায় কোনও আন্তর্জাতিক চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande