
হুগলি , ১৫ আগস্ট (হি.স.): ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভারতমাতা সেবা সমিতির উদ্যোগে আয়োজিত ২০তম ‘দেশমাতৃকার আরাধনা’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে জমে উঠল বর্ণময় আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুবীর নাগ এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র।
বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে দেশাত্মবোধ, সংস্কৃতি ও সম্প্রীতির আবহে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। স্বাধীনতার গৌরবময় ইতিহাস ও দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
বিশিষ্ট সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্রের সুরেলা পরিবেশনায় মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। তাঁর গানের মূর্ছনায় অনুষ্ঠানের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সব মিলিয়ে ভারতমাতা সেবা সমিতির এই আয়োজন স্বাধীনতার আবেগ, দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক সুন্দর সমন্বয়ের সাক্ষী হয়ে থাকল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA