
চণ্ডীগড়, ১৬ আগস্ট( হি. স.): কৃষক আন্দোলনের নতুন পর্বে রবিবার খনৌরি সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন ৫৫ জন কৃষকের একটি দল। সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক)-এর উদ্যোগে আয়োজিত এই ‘কিষাণ বাঁচাও পদযাত্রা’ শুরু হবে দাতাসিংওয়ালা এলাকার গুরুদ্বার দাতাওয়ালা থেকে। প্রায় ২২৮ কিলোমিটার পথ পেরিয়ে ২৯ আগস্ট দিল্লির যন্তর মন্তরে পৌঁছনোর কথা রয়েছে তাঁদের।
যাত্রাপথে কৃষক আন্দোলনে মৃত শুভকরণ সিংয়ের মৃত্যুর স্থান থেকে সংগ্রহ করা মাটিও সঙ্গে নিয়ে যাবেন কৃষকেরা। যন্তর মন্তরে একদিনের কৃষক পঞ্চায়েত করার পর কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের দাবিপত্র তুলে দেওয়ার চেষ্টা করা হবে। কৃষক নেতাদের দাবি, পুরো কর্মসূচিই শান্তিপূর্ণ থাকবে।
তবে দিল্লি যাত্রাকে ঘিরে খনৌরি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। হরিয়ানা-পাঞ্জাব সীমান্ত কার্যত সিল করে পাঁচ স্তরের ব্যারিকেড তৈরি করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন।
কৃষক নেতা জগজিৎ সিং দল্লেওয়াল জানিয়েছেন, কোনও সংঘাতের পথে যেতে চান না তাঁরা। বড় জমায়েত বা ট্রাক্টর-ট্রলি নয়, সীমিত সংখ্যক কৃষকই পায়ে হেঁটে দিল্লির পথে যাবেন। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণ পদযাত্রাতেও বাধা দেওয়া হলে সরকারের অবস্থানই স্পষ্ট হবে।
পাশাপাশি ভারত-আমেরিকা প্রস্তাবিত বাণিজ্য চুক্তিরও বিরোধিতা করেছেন কৃষক নেতারা। তাঁদের দাবি, এই চুক্তির প্রভাব দেশের অর্থনীতি ও কৃষকদের উপর পড়তে পারে। ফলে শুভকরণ সিংয়ের স্মৃতিকে সামনে রেখে কৃষকদের পুরনো দাবির পাশাপাশি বাণিজ্য চুক্তির বিরোধিতার বার্তাও দিল্লিতে পৌঁছে দিতে চাইছেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য