
বাঁকুড়া, ১৬ আগস্ট (হি.স.): বাঁকুড়ার ইন্দাসে এক যুবক ও তাঁর বাবাকে মারধরের ঘটনায় বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় শেখ মহঃ মফিকের। ঘটনায় তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দাস থানার করিশুন্ডা গ্রামের বাসিন্দা শেখ আব্দুল হাফিজ ‘করোচ জনতা পার্টি’র আন্দোলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন বলে পরিবারের দাবি। দিল্লি থেকে ফিরে তিনি গ্রামের একটি বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যার ছবি ও ভিডিও করেন। এরপর গত ১৩ আগস্ট কয়েকজন যুবক তাঁর বাড়িতে গিয়ে তাঁকে এবং তাঁর বাবা শেখ মহঃ মফিককে মারধর করেন বলে অভিযোগ।
পরিবারের অভিযোগ, হামলার সময় আব্দুলের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় এবং বিদ্যালয়ের কিছু ভিডিও মুছে দেওয়া হয়। ঘটনায় গুরুতর আহত হন মহঃ মফিক। প্রথমে তাঁকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।
ঘটনার তদন্তে ইন্দাস থানার পুলিশ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার প্রতিবাদ জানিয়েছে ‘করোচ জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গল ব্যাক’। অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই সংগঠনের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, সংগঠনটির সঙ্গে যুক্ত হওয়ার আগে বিষয়টি সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।
ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির স্থানীয় নেতৃত্বের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্দিষ্টভাবে স্পষ্ট হবে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট