
কাঠমান্ডু, ১৬ আগস্ট (হি.স.): রান্নার গ্যাসের তীব্র সংকটে নেপালে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। এই পরিস্থিতিতে শিল্প সংস্থা ও বিভিন্ন নামে পরিচালিত বিক্রয়কেন্দ্র থেকে এলপিজি-র সরাসরি বিক্রি অবিলম্বে বন্ধ করার দাবি জানাল গ্যাস বিক্রেতা মহাসংঘ।
মহাসংঘের অভিযোগ, কার্যকর বিক্রেতা ও ডিলারদের সরিয়ে শিল্প সংস্থা এবং বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে গ্যাস বিক্রির সিদ্ধান্তেই সংকট আরও গভীর হয়েছে। সংগঠনের সভাপতি জ্ঞানেশ্বর আরিয়াল বলেন, একদিকে বিক্রেতাদের পর্যাপ্ত গ্যাস দেওয়া হচ্ছে না, অন্যদিকে পরিদর্শনের নামে তাঁদের হয়রানি করা হচ্ছে। ফলে বাজারের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
মহাসংঘের দাবি, সরকার, শিল্প সংস্থা এবং বিভিন্ন বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সরাসরি গ্যাস বিক্রি বন্ধ করে শুধুমাত্র অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে সরবরাহ ব্যবস্থা চালু করা হোক। তাঁদের মতে, ডিলারদের মাধ্যমে সুশৃঙ্খল বণ্টনই উপভোক্তাদের দুর্ভোগ কমানোর কার্যকর উপায়।
সংগঠনটি জানিয়েছে, গত চার মাসে নেপালে প্রায় ৬০ হাজার টন কম এলপিজি আমদানি হয়েছে। একইসঙ্গে নতুন গ্যাস সিলিন্ডারের বিক্রি এখনও নিয়ন্ত্রণ করা হয়নি বলেও অভিযোগ। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে গ্যাসের ঘাটতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছে মহাসংঘ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য