
কলকাতা, ১৬ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হল কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (পিএম-জেএওয়াই)। রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির সূচনা হয়। একই সঙ্গে রাজ্য সরকারের ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’-রও সূচনা করা হয়েছে।
কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারতের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবে। তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে নির্ধারিত চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে। এর ফলে গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তির সময় পরিবারের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ দেশের ৩৬তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আয়ুষ্মান ভারত–পিএম-জেএওয়াই-এর আওতায় এল। ইতিমধ্যেই যোগ্য উপভোক্তাদের নাম নথিভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ধাপে ধাপে তাঁদের স্বাস্থ্য কার্ড দেওয়ার প্রক্রিয়াও এগোবে।
এই প্রকল্পের ফলে কর্মসংস্থান, শিক্ষা বা অন্যান্য কারণে রাজ্যের বাইরে থাকা যোগ্য উপভোক্তারাও অন্য রাজ্যের তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসার সুবিধা পেতে পারবেন। অর্থাৎ রাজ্যের বাইরে থাকলেও স্বাস্থ্য সুরক্ষার আওতা থেকে তাঁরা বঞ্চিত হবেন না।
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সহায়তার কথাও এদিন তুলে ধরা হয়। জাতীয় স্বাস্থ্য মিশন ও আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন খাতে কেন্দ্রীয় সহায়তার মাধ্যমে সরকারি হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নের পরিকল্পনা রয়েছে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানকে ঘিরে স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের সহযোগিতার নতুন পর্ব হিসেবে দিনটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আয়ুষ্মান ভারত চালুর ফলে রাজ্যের যোগ্য পরিবারগুলির জন্য স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে নতুন একটি পরিসর তৈরি হল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য