
আরামবাগ , ১৬ আগস্ট (হি.স.): জাতীয় গীত বন্দেমাতরম 'কে অবমাননার অভিযোগের প্রতিবাদে গোঘাটে মশাল মিছিল করল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। রবিবার সন্ধ্যায় গোঘাট বিধানসভা যুব মোর্চার ডাকে আয়োজিত এই মিছিলকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
এদিন গোঘাট রেজিস্ট্রি অফিসের সামনে থেকে মশাল হাতে মিছিল শুরু করেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। জাতীয় গীতের মর্যাদা রক্ষার দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে যায় গোঘাটের রাস্তা ধরে। পরে মিছিলটি গোঘাটের বকুলতলায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। হাতে জ্বলন্ত মশাল নিয়ে জাতীয় সঙ্গীতের সম্মান ও দেশের সার্বভৌমত্ব রক্ষার বার্তা তুলে ধরেন মিছিলে অংশগ্রহণকারীরা।
বিজেপির যুব মোর্চার দাবি, জাতীয় সঙ্গীত ও জাতীয় গীত দেশের মানুষের আবেগ, সম্মান ও জাতীয় গৌরবের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই জাতীয় গীত ও সঙ্গীতকে অবমাননা করার যে কোনও ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রয়োজন। সেই প্রতিবাদের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই মশাল মিছিলের আয়োজন বলে দলীয় সূত্রে জানা যায়।
মিছিল ঘিরে গোঘাটে রাজনৈতিক উত্তাপও তৈরি হয়। তবে কর্মসূচিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেদিকেও নজর ছিল প্রশাসনের। মিছিলের শেষে দলীয় নেতৃত্ব জাতীয় গীত ও সঙ্গীতের মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের প্রতি নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যের কথাও তুলে ধরেন।
গোঘাটে এই মশাল মিছিলের মাধ্যমে বিজেপির যুব মোর্চা আগামী দিনে জাতীয় ইস্যুতে আরও বৃহত্তর আন্দোলনের বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA