
কলকাতা, ১৮ আগস্ট (হি.স.) : গল টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৩৭২ রানের লক্ষ্য দিয়েছে শুভমান গিলের ভারত। সেই টার্গেট ছুঁতে নেমে ৪ উইকেটে হারিয়ে ফেলেছে তারা। চতুর্থ দিনের শেষে ৪ উইকেটে ৮৪ রান করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য এখনো শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান।
দিন শেষে উইকেটে আছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা। এই টেস্ট বাঁচাতে হলে শ্রীলঙ্কাকে শেষ দিনে অবিশ্বাস্য কিছু করতে হবে। নয়তো বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে।
গলে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ৩৪২ রানের। তার মানে এই টেস্টে জিততে হলে শ্রীলঙ্কাকে রেকর্ড গড়তে হবে।
মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে ভারত খুব বড় সংগ্রহ করতে পারেনি। মাএ ১৯১ রানে অলআউট হয়েছে। ভারতের দ্বিতীয় ইনিংসে মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন।
লোকেশ রাহুল ৩৫ ও দেবদত্ত পাডিক্কাল ৪৪ রানের ইনিংসে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৫ রান। এরপর ঋষভ পন্তের ঝোড়ো ৬৬ রান ভারতকে বড় লিড গড়ার পথে এগিয়ে দেয়।
প্রথম ইনিংসে ভারতের রান ছিল ৪৬২। আর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ২৮৪ রান। সে কারণে দ্বিতীয় ইনিংসে ভারত ১৯১ রানে শেষ হলেও শ্রীলঙ্কাকে ৩৭২ রানের লক্ষ্য দিতে পেরেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি