বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। পা
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত


নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতেই দু’দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে নয়াদিল্লি।

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক প্রতিক্রিয়া প্রসঙ্গে জয়সওয়াল বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক বৈঠক নিয়ে ভারতের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। ফলে তা নতুন করে বলার প্রয়োজন নেই। শেখ হাসিনার ওই সাংবাদিক বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলে বাংলাদেশ আপত্তি জানিয়েছিল।

বাংলাদেশ থেকে পাওয়া প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ নিয়েও ভারতের অবস্থান জানানো হয়েছে। জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধগুলি ভারতে প্রচলিত এবং প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখা হচ্ছে।

এদিকে দু’দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়েও ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের যে অনুরোধ জানিয়েছে, তা ভারত পর্যালোচনা করছে। এ ক্ষেত্রে ভারতের নিজস্ব জ্বালানি চাহিদা, পরিশোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতার মতো বিষয়গুলি বিবেচনায় রাখা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মুখে বাংলাদেশ। গ্যাসের ঘাটতি এবং এলএনজি টার্মিনাল সংক্রান্ত সমস্যার জেরে সেখানে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের আবেদন জানিয়েছে। দুই দেশের মধ্যে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ইতিমধ্যেই পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ হয়ে থাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande