
কাঠমান্ডু, ১৮ আগস্ট (হি.স.): নেপালের সরকারি সফরে থাকা ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ মঙ্গলবার সকালে কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে গিয়ে দর্শন ও বিশেষ পুজো করেন।
মন্দিরে পৌঁছলে পশুপতি ক্ষেত্র উন্নয়ন কোষের সদস্যসচিব এবং অন্যান্য আধিকারিকরা জেনারেল ধীরজ শেঠকে স্বাগত জানান। এরপর তিনি মন্দিরে গিয়ে ভগবান পশুপতিনাথের দর্শন করেন এবং বিধি মেনে পুজোয় অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে বিশেষ পুজোর পাশাপাশি রুদ্রাভিষেকও করেন তিনি।
নেপাল সফরে জেনারেল ধীরজ শেঠের পশুপতিনাথ মন্দিরে দর্শনকে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত ও নেপালের মধ্যে বহু শতাব্দীর ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মানুষের কাছেই পশুপতিনাথ মন্দির বিশেষ আস্থার কেন্দ্র।
নেপালি সেনাপ্রধান মহারথী অশোকরাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে নেপালে গিয়েছেন জেনারেল ধীরজ শেঠ। সফরে নেপালি সেনাবাহিনীর সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক, সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য