
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): দেশব্যাপী ১২১টি টোল প্লাজায় ডিজিটাল লোকাল পাস ব্যবস্থা চালু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। ‘রাজমার্গযাত্রা’ মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে মাসিক এই লোকাল পাস কেনা যাবে। এর ফলে টোল প্লাজায় সশরীরে গিয়ে নথি জমা দেওয়ার আর প্রয়োজন হবে না। মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক সূত্রে জানা গেছে, জুলাই মাসে দিল্লির মুণ্ডকা–বক্করওয়ালা টোল প্লাজায় প্রথমে এটি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল। সফলভাবে তা প্রয়োগের পর এখন এটি দেশজুড়ে ১২০টি টোল প্লাজায় চালু করা হয়েছে। এর পরে অন্যান্য স্থানেও এটির কার্যকর হবে।
উল্লেখ্য, টোল প্লাজার ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী বাসিন্দারা এই সুবিধা পাবেন। লোকাল পাস পাওয়ার পর তাঁরা পুরো মাস সেই টোল প্লাজা দিয়ে যতবার খুশি যাতায়াত করতে পারবেন। আগে এই পাস পাওয়ার জন্য সশরীরে গিয়ে নথি জমা দিতে হতো। কিন্তু এখন ডিজি-লকার এবং বাহন প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনেই তা সম্পন্ন হবে। ডিজিটাল লোকাল পাসে জিআইএস-ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে আবেদনকারীর ঠিকানা টোল প্লাজা থেকে ২০ কিলোমিটারের মধ্যে কিনা তাও নির্ধারণ হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ