
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় মহিলাদের হাতে ২৬ আগস্ট তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পেনশনের সরকারি পত্র তুলে দেওয়া হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের টাকা পৌঁছতে শুরু করবে। এরপর ধারাবাহিকভাবে যোগ্য মহিলাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।
মঙ্গলবার দিল্লি সচিবালয়ে দিল্লি লক্ষ্মী যোজনার অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। বৈঠকে মুখ্যসচিব রাজীব বর্মা ছাড়াও প্রকল্পের জন্য গঠিত জেলা স্তরের অনুমোদন, নজরদারি ও অভিযোগ নিষ্পত্তি কমিটির (ডিএলএএমজিআরসি) সভাপতি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আধিকারিকরা জানান, দিল্লি লক্ষ্মী যোজনা নিয়ে মহিলাদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্পের সফল বাস্তবায়নে জেলা স্তরের কমিটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি আবেদন গুরুত্ব দিয়ে যাচাই ও নজরদারি করার নির্দেশ দেন তিনি, যাতে যোগ্য মহিলারা অযথা দেরি ছাড়াই প্রকল্পের সুবিধা পান।
মুখ্যমন্ত্রী জানান, কোনও আবেদনে তথ্য নিয়ে সন্দেহ থাকলে তা গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে। পাশাপাশি সরকারি পোর্টাল www.dly.delhi.gov.in-এ শীঘ্রই এমন ব্যবস্থা চালু করা হবে, যাতে যোগ্য কোনও মহিলা আবেদনে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে তা সংশোধন করে ফের সুযোগ নিতে পারেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রকল্প চালুর মাত্র ১৮ দিনের মধ্যে প্রায় আট লক্ষ মহিলা পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে পাঁচ লক্ষেরও বেশি আবেদন চূড়ান্তভাবে জমা পড়েছে। তাঁর দাবি, এত অল্প সময়ে কোনও সরকারি প্রকল্পে এই ধরনের জনসাড়া আগে দেখা যায়নি। এই পরিসংখ্যান মহিলাদের মধ্যে প্রকল্পটির প্রতি আস্থা ও আগ্রহেরই প্রতিফলন বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য