ছাত্র আন্দোলন নিয়ে রিজিজুর বক্তব্যের নিন্দা রাহুলের, বললেন—‘ছাত্রছাত্রীদের সঙ্গে মিথ্যা বলবেন না’
নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্যের তীব্র নিন্দা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শান্
ছাত্র আন্দোলন নিয়ে রিজিজুর বক্তব্যের নিন্দা রাহুলের, বললেন—‘ছাত্রছাত্রীদের সঙ্গে মিথ্যা বলবেন না’


নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্যের তীব্র নিন্দা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ তুলে সরকারের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এক্স-এ পোস্ট করে রাহুল বলেন, মোদী সরকারের মন্ত্রীরা দিল্লি পুলিশের প্রশংসা করার কথা বলছেন। তাঁর প্রশ্ন, সংসদ ভবন থেকে মাত্র আধ কিলোমিটার দূরে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রদের উপর পেলেট গান ও পেরেক লাগানো লাঠি ব্যবহার এবং তাঁদের আহত হওয়ার পরেও কি এমন পদক্ষেপের প্রশংসা করা যায়? তিনি দাবি করেন, আহত ছাত্রদের সঙ্গে তিনি নিজে দেখা করেছেন। আন্দোলনের একাধিক ভিডিওও দেশবাসী দেখেছেন। তাঁর অভিযোগ, প্রথমে ছাত্রদের উপর লাঠি চালানো হচ্ছে, পরে বলা হচ্ছে কিছুই ঘটেনি।

রাহুলের অভিযোগ, সরকারের মূলমন্ত্র হয়ে দাঁড়িয়েছে ‘অসত্য ও হিংসা’। পুরো অধিবেশন চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের থেকে দূরে থেকেছেন এবং প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত আন্দোলনকারী ছাত্রদের কাছে ক্ষমা চাননি। তিনি বলেন, “দেশের শিশুদের সঙ্গে মিথ্যা বলবেন না। তাদের চোখ আছে, স্মৃতিও আছে।” তাঁর দাবি, দেশের জন্য সবচেয়ে বড় বিপদ সেই মানুষরা, যারা নিজেদের ভুল দেখতে পান না এবং ভুল চোখে পড়লেও তা স্বীকার করতে চান না।

উল্লেখ্য, সম্প্রতি যন্তর মন্তরে হওয়া ছাত্র আন্দোলন মোকাবিলায় দিল্লি পুলিশ ও প্রশাসনের প্রশংসা করেছিলেন কিরেন রিজিজু। তিনি দাবি করেছিলেন, আন্দোলনের সময় কোনও প্রতিবাদকারীর মৃত্যু হয়নি এবং এমন গুরুতর আঘাতও লাগেনি, যার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রিজিজু আগের কংগ্রেস সরকারের আমলে হওয়া আন্দোলনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনাও করেছিলেন। তাঁর দাবি ছিল, সেই সময় এ ধরনের আন্দোলনে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। রিজিজুর ওই বক্তব্যের পরই পাল্টা আক্রমণ করে আন্দোলনরত ছাত্রদের উপর কথিত বলপ্রয়োগের প্রসঙ্গ সামনে আনলেন রাহুল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande